|| আসিফ আদনান ||
আমরা কেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদের কার্যালয় খোলার বিপক্ষে? এই বিরোধিতার শক্ত এবং যৌক্তিক গ্রাউন্ড আছে।
এদের কান্ট্রি অফিস সাধারণত যুদ্ধবিধ্বস্ত বা প্রাকৃতিক বা মানবিক দুর্যোগে আক্রান্ত দেশগুলোতে খোলা হয়। বুরকিনা ফাসো, নাইজার, ফিলিস্তিন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন- এই ধরনের দেশে। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি নেই। বাংলাদেশে এদের কান্ট্রি অফিস খোলার যৌক্তিকতা নেই।
দক্ষিণ এশিয়ার অনেক দেশেই ওএইচসিএইচআর-এর অফিস খোলার প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছে। বিশেষত শ্রীলংকা ও নেপাল বহু চাপের মুখেও তাদের দেশে মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খুলতে দেয়নি। বাংলাদেশে কী এমন পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণে এই অফিস খুলতে দেওয়া হবে?
বাংলাদেশ নানা ধরনের জটিল ভূ-রাজনৈতিক সমীকরণের মধ্যে আছে। মিয়ানমারে গৃহযুদ্ধকে কেন্দ্র করে পরাশক্তিদের প্রক্সি লড়াই চলছে। এখানে আমেরিকা, চীন এবং ডারতের স্বার্থের নানা ধরনের দ্বন্দ্ব আছে। মার্কিনিদের বার্মা অ্যাক্টের অন্যতম উদ্দেশ্য হলো এই গৃহযুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার করে চীনকে এখানে বেকায়দায় ফেলা।