মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গীতা, বেদ, বাইবেলও ডিজিটাল সংরক্ষণ করবে দারুল উলুম দেওবন্দ! ছাত্রশক্তির সাধারণ সম্পাদকের ওপর হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীর বায়োমেট্রিক হাজিরা নেবে দারুল উলুম হাটহাজারী হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু  বৃহস্পতিবার বসুন্ধরা মারকাজে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ফরিদাবাদ জামিয়ার মহাসম্মেলনে আজ ও কাল বয়ান করবেন যারা ৪ ডিসেম্বর ২৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন, আসছেন পাঁচ দেশের কারী দ্বীনি প্রতিষ্ঠানের সফলতায় আকাবিরের তিন মূলনীতি ও আমাদের করণীয় দ্বিতীয় দিনে ৫ হাজার ফুজালার মাথায় পাগড়ি, শেষ দিনে দেওবন্দের মুহতামিমের বয়ান তুরস্কে অর্ধশতাধিক দেশের আলেমদের নিয়ে আন্তর্জাতিক ফতোয়া সম্মেলন

আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| মাওলানা উবায়দুর রহমান খান নদভী ||

মুসলিম যুগে হজরত নিজামুদ্দিন সুলতানুল আউলিয়ার সাথে শাসক শক্তির দুর্ব্যবহার এবং আলেমদের দলাদলির ফল ছিল নাদের শাহের হামলা, দিল্লি শহর ধ্বংস ও লুন্ঠন।

আলেম ও দীনি ময়দানের লোকজন আফসোস করে তখন বলতেন,

ফার্সি: শামতে আমালে মা, সুরতে নাদের বোয়াদ।

বাংলা তরজমা : আমাদের অন্যায় অপরাধের সাজাই নাদের শাহের সুরত ধরে এসেছে।

বর্তমান দুনিয়ায় সবদিক বিবেচনায় মুসলিম উম্মাহর অন্যতম শ্রেষ্ঠ অভিভাবক আলেম, বহুগুণে গুণান্বিত মহা প্রতিভা, শায়খুল ইসলাম আল্লামা মুফতি তকি উসমানী, চাঁদের হিসাবে যার বয়স এখন ৮৬। গত ২০ বছর চেষ্টার পর একটি সফরের সব কিছু প্রস্তুত হওয়া সত্ত্বেও অজানা কারণে তা বাতিল করা হলো।

জুলাই ২৪ এর পরিবর্তনের পর মান্যবর বড় ভাই মাওলানা আবদুল মতীন বিন হুসাইন সাহেব দুই দুই বার উদ্যোগ নিয়ে এবার কয়েকটি বড় উপলক্ষ আর মুফতি তকি সাহেবের শারীরিক অবস্থা, রুচি, অভিমত ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য অনুসারে ২০২৬ সালের ২২ থেকে ২৮ নভেম্বরের জন্য সফরের সিদ্ধান্ত লাভ করেন।

দেশের বহু ধরনের প্রোগ্রামের অসংখ্য দাওয়াতের ভেতর থেকে স্বয়ং মুফতি তকি সাহেবের আগ্রহে হাটহাজারীর দাওয়াত কবুল হয়। তাঁর উৎসাহী ছাত্র লন্ডন প্রবাসী স্নেহাস্পদ  মাওলানা আবদুল মুনতাকিম সাহেবের মন রক্ষায় হজরত সিলেটে একটি প্রোগ্রাম কবুল করেন। তাঁর প্রতিষ্ঠিত জামিয়াতুল খায়ের এর জিয়ারতও হতো। গুরুত্বপূর্ণ উপলক্ষ ছিল ফরিদাবাদ জামিয়ার ৭০ সালা দস্তারবন্দী। তাঁদের দাওয়াত কবুল করেই সফরের তারিখ ধার্য করা হয়। সবার পক্ষে দাওয়াত দেওয়া এবং ইহতেমামের সাথে লাগাতার চেষ্টায় তা বাস্তবায়ন করার নির্বাহী ব্যক্তি হিসাবে ভাই আবদুল মতীন সাহেব একদিন জামিয়া হাকীমুল উম্মতে প্রোগ্রাম নেন। এটিও নবপ্রতিষ্ঠিত মাদরাসা হিসাবে হজরতের পদার্পনের আগ্রহী। ঢাকায় আগমনের দিনই মার্কাজ শায়খ জাকারিয়া রহ. এর মাহফিলেও যোগদানের কথা ছিল।

হজরত এবারের সফরে একদিন একটির বেশি প্রোগ্রাম করতে সক্ষম বা রাজি ছিলেন না। আল্লামা মুফতি তকি উসমানী সাহেব সারাজীবনই হেলিকপ্টারে ভ্রমণ অপছন্দ করে এসেছেন। সাধারণত সারাবিশ্বে তিনি প্লেন ও গাড়িতে সফর করেন। এবার হাটহাজারী ও সিলেটে প্লেন ও গাড়িতে মিলিয়ে সফর হবে এমনই কথা ছিল। হঠাৎ সিলেট ঢাকার মাঝখানে মাধবদী একটি প্রোগ্রামের জন্য হেলিকপ্টারের বিষয় আসে। সিলেট থেকে ফেরার পথে তিনি নরসিংদী নামবেন বলে হেলিকপ্টারের একটি ট্রিপের কথা হয়।

এর বাইরে হজরত কাউকে কোনো প্রোগ্রাম দেননি। যারা তাঁর আরও কাছের তারা কিন্তু হজরতের আরাম ও সফরের স্বস্তির জন্য নিজেরা কোনো প্রোগ্রাম চাননি।  নয়তো সবার আগে মুফতি দেলাওয়ার হোসাইন সাহেব  ও মুফতি আবদুল মালেক সাহেব প্রোগ্রামের জন্য হকদার ছিলেন। সফরের মধ্যে জুমা পড়ায় বায়তুল মোকাররম জুমার নামাজ পেয়ে যায়। তিনি পাকিস্তান বেফাকের সভাপতি এবং তাঁর সফরে বেফাকের জেনারেল  সেক্রেটারি মাওলানা হানীফ জালান্ধারি থাকবেন বলে তাঁর কষ্ট না হয় মতো বাংলাদেশের বেফাক একটি ইলমি মজলিসের আরজি পেশ করে। হজরত কোনো একফাঁকে সামান্য সময় দিলে বেফাক হজরতের আরাম এবং শান অনুযায়ী শর্ট নোটিশে উলামা ও জেনারেল চিন্তাশীলদের সমন্বয়ে একটি স্মার্ট ও ইনক্লুসিভ প্রোগ্রাম করবে। শায়খে যাত্রাবাড়ীর অভিপ্রায়ে হজরত শেষ দিন যাত্রাবাড়ী জামিয়ায় দরসে বোখারী শরীফের প্রোগ্রামের তারতীবও মেনে নিয়ে ছিলেন।

ভিসা টিকিট কনফার্মের পর হঠাৎ সফরের আগমুহূর্তে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মন্ত্রণালয়ের বরাতে হজরতের অফিসে ভয়েস মেসেজ দিয়ে নিরাপত্তা জনিত কারণে তাঁর এমুহূর্তে বাংলাদেশ আসা ঠিক হবে না বলে জানিয়ে দেন। সরকারের এনওসি না পেলে কোনো বিদেশি মেহমান আসতে পারেন না। হজরত তখন সফর সমন্বয়কদের এই ভয়েস মেসেজ পাঠিয়ে নিজের অবস্থা জানিয়ে দেন। এই ক'দিন করাচিতে কাটিয়ে এখন তিনি মালয়েশিয়ার পূর্ব নির্ধারিত সফরে বের হবেন।

জানি না, এমনটা কেন হলো? নতুন প্রজন্মের হাজারো মুফতি আলেম অর্থনীতির গবেষক ও সচেতন শিক্ষিত মানুষ কি সহসাই নিজ নয়নে মুফতি তকি উসমানী সাহেবকে দেখার সুযোগ পাবেন? পুরনো বন্ধু ভক্ত শাগরেদ ও আশেকরাই কি আবার সাক্ষাতের স্বাদ নিতে পারবেন? আল্লাহ হজরতের হায়াতে বরকত দান করুন। 

এই ঘটনার পেছনে যদি কোনো ক্ষুদ্র মনের কারসাজি থেকে থাকে কিংবা দায়িত্বশীল মহলের কোনো চক্রান্ত কাজ করে থাকে তাহলে তাদের খুব বড় মুসিবতে পড়তে হবে। লাখো আলেম উলামা ও দীনদার জনগণের মনে আঘাত দিয়ে দীন দুনিয়া আখেরাতে কামিয়াবি পাওয়ার উপায় নেই। যে সরকার মাত্র এক সপ্তাহের জন্য একজনমাত্র বড় বুজুর্গ আলেম ও জমানার ওলির নিরাপত্তা দিতে সাহস করল না, তারা নিজেকে নিরাপদ রাখতে পারবে তো! আল্লাহ সবাইকে শান্তি  নিরাপত্তা ও সুমতি দিন। পারস্পরিক মনান্তর ও শাসকদের অসতর্কতার কোনো শাস্তি যেন দেশ ও জাতির ওপর না এসে পড়ে।

এই সপ্তাহটিও কাটিয়ে দিতে হলো হসপিটালের বেডে। বহু প্রোগ্রাম ক্যানসেলে বাধ্য হচ্ছি। বেড রেস্ট সত্ত্বেও এ কয়েকটি লাইন লিখতে মন চাইলো। হজরতের আগমন বাধাগ্রস্ত হওয়ার কষ্ট মন থেকে দূর করতে পারছি না।

লেখক: প্রধান পরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ