লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর মারা গেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন বদরুদ্দীন উমর। গত দুই মাসে দুই দফায় শারীরিক অসুস্থতা নিয়ে তাকে হাসাপতালে ভর্তি করা হয়েছিল বলে তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।
জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বিবিসি বাংলাকে বলেন, জুলাইয়ের শেষ সপ্তাহে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল। সুস্থ হওয়ার পর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। আগস্ট মাসের শেষ দিকে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে আরেক দফা হাসপাতালে নেওয়া হয়েছিল।
‘কয়েক দিন আগে তিনি বাসায় ফিরেছিলেন। এরমধ্যেই রোববার অসুস্থ হয়ে পড়লে তাকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ১০টার কিছু পরে তিনি মারা যান।’