শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আওয়ার ইসলাম

|| জহির উদ্দিন বাবর ||

হুমায়ুন কবীর। ছিলেন মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের নেতা ও বিধায়ক। নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দল থেকে ছিটকে পড়েন। ভিড়েন বিজেপিতে। তবে বেশিদিন ঘরসংসার করতে পারেননি। পরবর্তী সময়ে আলোচনায় আসার জন্য বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেন। সাড়াও মেলে বেশ। বাংলাদেশ থেকেও লাখ লাখ টাকা জমা হয় তার ফান্ডে। পশ্চিমবঙ্গের মুসলিমরাও বাবরি মসজিদের প্রতি তাদের সর্বোচ্চ আবেগ প্রকাশ করে। সেই সুযোগটা কাজে লাগাতে চান এই ধূর্ত নেতা। বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন দল গঠন করেন। টার্গেট মুসলিম ভোটে ভাগ বসানো।

পশ্চিমবঙ্গে টানা তিন মেয়াদ ধরে মুসলিম ভোটেই মূলত বাজিমাত করছেন মমতা বন্দোপাধ্যায়। এবার তিনি চতুর্থবারের মতো জয়ের সম্ভাবনা দেখছেন। কংগ্রেস ও বাম জোট ম্রিয়মান হয়ে যাওয়ায় কট্টর হিন্দুত্ববাদী বিজেপির মোকাবেলায় মন্দের ভালো হিসেবে তৃণমূল কংগ্রেসই মুসলিমদের একমাত্র বিকল্প। বিজেপি এবার মুসলিম ভোটে ভাঙন ধরাতে চাচ্ছে। আর এর জন্য দাবার গুটি হিসেবে ব্যবহার করে হুমায়ুন কবীরকে। তবে ভোটের আগ মুহূর্তে ‘ধরা’ খেয়েছেন হুমায়ুন কবীর। তার একটি গোপন ভিডিও ফাঁস হয়েছে, যেখানে হাজার কোটি টাকার বিনিময়ে মুসলিম ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার কথা উঠে এসেছে।

সেই ভিডিওতে স্পষ্টভাবে হুমায়ুন কবীর স্বীকার করছেন, তিনি বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন মূলত মুসলিমদের আবেগকে কাজে লাগাতে। মুসলিমদের আবেগ সহজে কাজে লাগানো যায় বলে তিনি সরল স্বীকারোক্তি দিচ্ছেন। যদিও তিনি দাবি করেছেন, ভিডিওটি এআই দিয়ে বানানো। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এতো দীর্ঘ ভিডিও সাধারণত এআই দিয়ে তৈরি করা যায় না। তাছাড়া ভিডিও ফাঁস হওয়ার পর আসাদুদ্দিন ওয়াইসির দল হুমায়ুন কবীরের সঙ্গ ত্যাগ করা এবং তার নিজ দলে ভাঙন সৃষ্টি হওয়ায় ভিডিওটি যে সত্য সেটা প্রমাণ করে। 

মমতা বন্দোপাধ্যায়ের সব কাজ যে মুসলিমদের স্বার্থের অনুকূলে তেমনটা নয়। তবে মমতা ক্ষমতায় থাকায় অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের মুসলিমরা অনেকটা নিরাপদে আছে। এবারের ভোটেও মমতার দল ক্ষমতায় ফেরার সম্ভাবনা প্রবল। আল্লাহ না করুক, কোনো কারণে বিজেপির মতো হিংস্র ও উগ্র দল ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মুসলিমদেরও অন্যান্য রাজ্যের মুসলিমদের ভাগ্য বরণ করতে হবে। আশা করি সেখানকার মুসলিমরা আবেগের চেয়ে বাস্তবতাকে প্রাধান্য দেবেন।

লেখক: আলেম সাংবাদিক ও কলামিস্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ