নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
রোববার (১১ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩০৯ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
মাওলানা গাজী আতাউর রহমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিশেষ করে নিহত বাংলাদেশিদের পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন তিনি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে তিনি বলেন, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া হতাহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা এবং আহত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আইও/