মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ।। ২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৭ জমাদিউস সানি ১৪৪৮


নানা অজুহাতে মুসলিমদের ভারতছাড়া করছে বিজেপি সরকার: রয়টার্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে মুসলিম নাগরিকদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে বাংলাদেশি আখ্যা দেওয়ার পর দেশ থেকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। দেশটির নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন কার্যক্রমকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর অনেক মুসলিম নাগরিককে আটক, নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ এবং শেষ পর্যন্ত বাংলাদেশে পুশইনের শিকার হতে হয়েছে।

প্রতিবেদনে মুম্বাইয়ের বাসিন্দা ৩৮ বছর বয়সী সাহিদা ফকিরের ঘটনা তুলে ধরা হয়েছে। গত ১৯ জুলাই সবজি কিনতে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। ছোট ছেলেকে বলে গিয়েছিলেন, কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও স্বামী ও দুই সন্তানের কাছে ফিরতে পারেননি তিনি। বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে আশ্রয় নিয়েছেন সাহিদা।

সাহিদার ভাষ্য অনুযায়ী, সাদা পোশাকের কয়েকজন কর্মকর্তা তাকে আটক করে গাড়িতে তুলে নেন। এ সময় তার মুঠোফোনও জব্দ করা হয়। ওই ফোনে তার পরিচয়পত্রসহ প্রয়োজনীয় নথিপত্রের কপি সংরক্ষিত ছিল। পরে তাকে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানো হয়। আদালতের নথিপত্রে আটককারী কর্মকর্তাদের মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

সাতক্ষীরায় বসে রয়টার্সকে সাহিদা বলেন, ‘কেউ পেছন থেকে আমার হাত ধরেন এবং আমাকে গাড়িতে উঠতে বাধ্য করেন।’ তিনি জানান, সীমান্তের একটি অরক্ষিত ও বেড়াবিহীন অংশ দিয়ে রাত ১টার দিকে তাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। কাদামাখা অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা হাঁটার পর এক কৃষক তাকে কান্নাকাটি করতে দেখে নিজের বাড়িতে আশ্রয় দেন।

রয়টার্সের অনুসন্ধানে এমন ১০টি পরিবারের সন্ধান পাওয়া গেছে, যাদের সদস্যদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর আটক করা হয়েছে, দেশত্যাগে বাধ্য করা হয়েছে কিংবা নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এসব পরিবারের সদস্যদের ভারতের পরিচয়পত্র ও পারিবারিক নথিপত্র রয়েছে। এমনকি তাদের বাবা-মা ও ভাইবোনদের অনেকেই এখনো দেশটির ভোটার তালিকায় রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ইতিহাসে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার এটিই সবচেয়ে বড় ঘটনা। দেশজুড়ে সংশোধন কার্যক্রমে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। এতে সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের ওপর ব্যাপক প্রভাব পড়েছে বলে বিভিন্ন পরিসংখ্যানে উঠে এসেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে দেশটির মুসলিম সম্প্রদায় বিভিন্ন নীতি ও ক্রমবর্ধমান বৈষম্যের শিকার হচ্ছে বলে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ। তবে বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে রাজনৈতিক স্বার্থে ভোটারদের তালিকা নতুন করে সাজানো হচ্ছে।

চলতি বছরের শুরুর দিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক সাবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বাদ পড়া প্রায় ২৭ লাখ নামের ৭০ শতাংশই মুসলিমদের। নির্বাচনে বিজেপি জয়ী হয়ে প্রথমবারের মতো রাজ্যটির ক্ষমতায় আসে। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাবির আহমেদ মনে করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনা পশ্চিমবঙ্গের নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

গত ৫ নভেম্বর হরিয়ানার এক জনসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারীদের শনাক্ত, ভোটার তালিকা থেকে নাম বাদ এবং দেশ থেকে বহিষ্কারের বিষয়ে বিজেপির অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে এবং পরে তাদের খুঁজে বের করে একে একে দেশ থেকে বহিষ্কার করা হবে।

বাংলাভাষী মুসলিমদের ওপর কড়াকড়ির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিশেষ গুরুত্ব পাচ্ছে। ১৯৪৭ সালের দেশভাগ এবং ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় এ অঞ্চলের সীমান্ত দিয়ে বিপুলসংখ্যক মানুষের যাতায়াত ও স্থানান্তরের কারণে সীমান্তবর্তী এলাকায় বহু পরিবার ও সম্প্রদায়ের বসতি গড়ে উঠেছে। ফলে নাগরিকত্ব ও অভিবাসনের প্রশ্নটি এখানে দীর্ঘদিন ধরেই সংবেদনশীল।

সাহিদার স্বামী জুম্মান বর্তমানে স্ত্রীর মুক্তি ও দেশে ফেরানোর দাবিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। গত আগস্টে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের করা এক রিট আবেদনে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই নাগরিকত্ব হারানো নয়। কোনো ধরনের যথাযথ যাচাই ছাড়াই নির্বাহী বিভাগের দাবির ভিত্তিতে একজন নাগরিককে দেশ থেকে বহিষ্কার করা যায় না।

রয়টার্স সাহিদার পারিবারিক নথিপত্র পর্যালোচনা করে জানিয়েছে, ১৯৫২ সালে ভারতের প্রথম জাতীয় নির্বাচন থেকেই তার বাবা-মা ও দাদা-দাদি পশ্চিমবঙ্গের স্বরূপনগরের নিবন্ধিত ভোটার ছিলেন। ২০০০-২০০৩ সালের ভোটার তালিকাতেও তাদের নাম ছিল। সর্বশেষ সংশোধনীতে অতিরিক্ত নথি জমা না দিয়ে ভোটার তালিকায় থাকার ক্ষেত্রে ওই সময়ের তালিকাকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে। সাহিদা নিজেও অন্তত ২০০৮ সাল থেকে পশ্চিমবঙ্গের ভোটার ছিলেন বলে তার ভোটার পরিচয়পত্রে দেখা গেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ