আওয়ার ইসলাম ডেস্ক
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা। ১২ সেপ্টেম্বর শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। ৩০ দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য বই কিনতে অভিভাবকদেরও বেশ আগ্রহ দেখা যাচ্ছে।
মেলার বিভিন্ন স্টলে শিশু-কিশোরদের জন্য সাজানো হয়েছে নানা ধরনের ইসলামি ও শিক্ষামূলক বই। নবী-রাসুলদের জীবনী, সাহাবিদের কাহিনি, ইসলামি ইতিহাস, আদব-আখলাক, নৈতিক শিক্ষা ও সাধারণ জ্ঞানভিত্তিক বইয়ের পাশাপাশি রয়েছে রঙিন ছবি ও সহজ ভাষায় লেখা শিশুতোষ বই।
অভিভাবকেরা বলছেন, ছোটবেলা থেকেই শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চান তারা। বিশেষ করে মোবাইল ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে শিশুদের অতিরিক্ত সময় কাটানোর সময়ে তাদের হাতে ভালো বই তুলে দেওয়ার সুযোগ হিসেবে দেখছেন এই বইমেলাকে।
একজন অভিভাবক বলেন, শিশুদের জন্য এমন বই খুঁজছেন, যেগুলো গল্প ও ছবির মাধ্যমে তাদের ইসলামের মৌলিক শিক্ষা, নৈতিকতা ও সুন্দর আচরণের সঙ্গে পরিচিত করবে।
বিক্রেতারাও বলছেন, মেলায় শিশুদের বইয়ের প্রতি অভিভাবকদের আগ্রহ বেশ ভালো। সহজ ভাষা, আকর্ষণীয় প্রচ্ছদ, ছবি ও গল্পনির্ভর বইয়ের চাহিদা বেশি।
আয়োজকেরা জানান, নতুন প্রজন্মকে বইমুখী করতে এবারের মেলায় রাখা হয়েছে আলাদা শিশু কর্নার। সেখানে ইসলামি শিক্ষার পাশাপাশি শিশুদের জ্ঞান ও সৃজনশীলতা বাড়াতে বিভিন্ন শিক্ষামূলক বইও রাখা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ ও প্রকাশকদের সমন্বয়ে আয়োজিত এ মেলায় রয়েছে ১৪৪টি স্টল। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, মিসর ও লেবাননের প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় কোরআনের অনুবাদ, তাফসির, হাদিস, সিরাত, ইসলামি দর্শন, ইতিহাস ও গবেষণার বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের জন্যও রয়েছে নানা প্রকাশনা।
আগামী ১১ অক্টোবর পর্যন্ত চলবে এ বইমেলা। রোববার থেকে বৃহস্পতিবার মেলা খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। আর শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত পাঠকদের জন্য খোলা থাকবে মেলার প্রান্তর।
শিশুদের হাতে বই তুলে দিতে অভিভাবকদের এই আগ্রহে মেলায় যেন স্পষ্ট হয়ে উঠছে প্রযুক্তিনির্ভর সময়েও নতুন প্রজন্মকে বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আগ্রহী পরিবারগুলো।
আইও/