সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলছে রিয়াদ আন্তর্জাতিক বইমেলা ২০২৩। ৫০ হাজার বর্গমিটারের এই মেলায় প্রাচীন ও দুর্লভ পাণ্ডুলিপি, পুরনো জিনিস ও চিত্রকর্ম আছে।
এ ছাড়া কোরআনের বিখ্যাত ব্যাখ্যাগ্রন্থ ইবনে কাসিরের একটি পুরনো কপি, মসজিদ-ই-নববীর কয়েকটি মোমবাতি ও লণ্ঠন আছে। তবে এবারের প্রদর্শনীর সবচেয়ে আকর্ষণীয় বস্তু পবিত্র কাবাঘরের ৯৮ বছর আগের পর্দা, যা দেখতে কিং আবদুল আজিজ কমপ্লেক্সের স্টলে দর্শকরা ভিড় করছে প্রতিদিন।
মদিনায় অবস্থিত কিং আবদুল আজিজ কমপ্লেক্সে কর্মরত আইমান ফকেহে বলেন, ‘এ বছর আমরা মেলার প্রদর্শনীতে পবিত্র কাবার পর্দা (গিলাফ) রেখেছি। ৯৮ বছরের পুরনো এই পর্দায় আরবিতে লেখা রয়েছে, ‘খাদিমুল হারামাইন আশ-শরিফাইন মালিক আবদুল আজিজ বিন আবদুল রহমান আল-সাউদ’। এ ছাড়া পবিত্র কোরআনের প্রাচীন পাণ্ডুলিপি, ফিকাহ, আকিদা, ভূগোল, গণিতসহ আরবি ভাষায় বিভিন্ন নথি রয়েছে। এসব পাণ্ডুলিপি ইমাম আবদুল আজিজ বিন মুহাম্মদ বিন সাউদ দান করেছেন।