যুদ্ধবিরতি কার্যকর না করলে বাইডেনের জন্য কাজ করবেন না মুসলিমরা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যদি ইসরায়েলের সরকারকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার জন্য প্রভাবিত না করতে পারেন, তাহলে আগামী নির্বাচনে তার পক্ষে ভোট ও তহবিলের জন্য কাজ করবেন না বলে আল্টিমেটাম দিয়েছেন তার দল ডেমোক্রেটিক পার্টির মুসলিম সদস্যরা।
ডেমোক্রেটিক পার্টির মুসলিম সদস্যদের জোট দ্য ন্যাশনাল মুসলিম ডেমোক্রেটিক কাউন্সিল স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টার দিকে ‘২০২৩ যুদ্ধবিরতি আল্টিমেটাম’ নামে একটি খোলা চিঠি প্রকাশ করেছে।
সেখানে বাইডেনের উদ্দেশে কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘(ইসরায়েলের সরকারে প্রতি) আপনার নেতৃত্বাধীন প্রশাসনের নিঃশর্ত সমর্থন, অর্থ ও সামরিক সহায়তা ফিলিস্তিনের বেসামরিক লোকজনদের ওপর পরিচালিত সহিংসতাকে স্থায়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং একই সঙ্গে, গত নির্বাচনে যেসব মার্কিন মুসলিম ভোটার আপনার পক্ষে ছিলেন— আপনার প্রতি তাদের আস্থা দিন দিন কমে আসছে।’
