আওয়ার ইসলাম ডেস্ক:
ভারতের প্রখ্যাত আলেম ও দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস মাওলানা সাইয়িদ আরশাদ মাদানী সম্প্রতি গুরুতর অসুস্থ ছিলেন। এখন তিনি অনেকটা সুস্থ। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) তাঁর প্রতি পরিবারের সদস্যদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার এক আবেগঘন দৃশ্য দেখা গেছে তার নাতির বিয়ের অনুষ্ঠানে।
দিল্লিতে জমিয়তে উলামায়ে হিন্দ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে পরিবারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রজন্মের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাওলানা আরশাদ মাদানী তার নাতির বিয়ে পড়ান। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন পরিবারের বিশিষ্ট আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বরা। তাদের মধ্যে ছিলেন তার সহোদর মাওলানা সাইয়িদ আসজাদ মাদানী, ছেলে মাওলানা সাইয়িদ আজহার মাদানী, ভ্রাতুষ্পুত্র মাওলানা সাইয়িদ মাহমুদ আসআদ মাদানী, ভাগ্নে মাওলানা সাইয়িদ আফফান মনসুরপুরী এবং নাতি মাওলানা সাইয়িদ আবদুল্লাহ মাদানীসহ পরিবারের অনেকে।
অনুষ্ঠানের দুটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে। একটি হলো বিয়ের সুন্নতি রীতি অনুযায়ী খোরমা বিতরণের আয়োজন। অন্যটি, পরিবারের খ্যাতিমান আলেম ও বয়োজ্যেষ্ঠ সদস্যদের মাওলানা আরশাদ মাদানীর সামনে অত্যন্ত বিনয়ের সঙ্গে দুই হাঁটু গেড়ে বসা। বয়স, জ্ঞান ও সামাজিক অবস্থানে স্বতন্ত্র মর্যাদা থাকা সত্ত্বেও তার প্রতি তাদের এই শ্রদ্ধাশীল আচরণ উপস্থিত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে।
টিএইচএ/