বিশেষ প্রতিনিধি
পাকিস্তানের রাওয়ালপিন্ডির জাকারিয়া মসজিদ ও মাদরাসার নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিরোধ চরমে পৌঁছেছে। পরিচালনা কমিটির কর্তৃত্ব ও রায়বেন্ড মারকাজের সঙ্গে সম্পর্ক নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ এবং পুলিশের অভিযান ঘটেছে। একপর্যায়ে মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের বের করে দেওয়া হয়। পরে সিলগালা করা হয় মসজিদটিও। এ ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছেন রায়বেন্ডপন্থী তাবলিগের সাথীরা।
রায়বেন্ড মারকাজের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত জাকারিয়া মসজিদ ও মাদরাসাটি শুরু থেকেই রায়বেন্ড মারকাজের অধীনে পরিচালিত হয়ে আসছে। তৎকালীন সামরিক কর্মকর্তা মেজর জেনারেল হক নওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে ফিল্ড মার্শাল আইয়ুব খান সরকার মসজিদ ও মাদরাসা প্রতিষ্ঠার জন্য জমিটি লিজ দেয়। সে সময় গঠিত কমিটির দলিলেও প্রতিষ্ঠানটি রায়বেন্ডের অধীনে পরিচালনার কথা উল্লেখ ছিল।
বিবৃতিতে অভিযোগ করা হয়, ২০১৫ সালে ইউসুফ কুরেশি পুরোনো কমিটির কাগজপত্র হাতে পেয়ে তাতে পরিবর্তন আনেন। নিজের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করে সাবেক ট্রাস্টিদের বাদ দেন। এমনকি কমিটির অভিভাবক হিসেবে থাকা হাজি আবদুল ওয়াহাবের নামও সরিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে ‘রায়বেন্ডের তত্ত্বাবধানে’ পরিচালনার কথাটি বাদ দিয়ে ‘আনজুমানে জাকারিয়া মসজিদ’ নামে পৃথক সংগঠন নিবন্ধন করা হয়। ২০২২ সালের কমিটির তালিকায় হাজি আবদুল ওয়াহাবের নাম ও স্বাক্ষর রাখা হয়েছিল, যদিও তিনি ২০১৮ সালে ইন্তেকাল করেন। এসব স্বাক্ষর ও কাগজপত্র জাল করা হয়েছে বলে অভিযোগ রায়বেন্ডপন্থীদের।
বিষয়টি জানার পর পাকিস্তানের পূর্ণাঙ্গ শুরার সামনে অভিযোগগুলো তুলে ধরা হয়। এরপর ইউসুফ কুরেশিকে রাওয়ালপিন্ডির শুরা ও ফয়সালির দায়িত্ব থেকে অব্যাহতি এবং জাকারিয়া মসজিদ ও মাদরাসায় তার কর্তৃত্ব শেষ করার সিদ্ধান্ত হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। শুরার অন্য সদস্যরাও সিদ্ধান্তে সম্মতি দিয়ে স্বাক্ষর করেন।
এরপর মসজিদে শবজুমার কার্যক্রম পরিচালনা নিয়ে দুই পক্ষের বিরোধ নতুন মাত্রা পায়। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার মসজিদে আয়োজিত শবজুমার কার্যক্রমে আলাদা কর্মসূচি নির্ধারণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। আসরের পর মাওলানা আহমদ উসমানের বয়ানের সময় ইউসুফ কুরেশি ও তার সহযোগীরা মিম্বরে গিয়ে তাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং কয়েকজন আহত হন।
ঘটনার পর পুলিশ দুই পক্ষকে লিখিত প্রস্তাব দিতে বলে। রায়বেন্ডপন্থী শুরা মসজিদ ও মাদরাসা আগের নিয়মে পরিচালনার পাশাপাশি বিরোধের নিষ্পত্তি আদালতের মাধ্যমে করার প্রস্তাব দেয়। তবে ২৫ নভেম্বর পুলিশ মাদরাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের বের করে দেয়। পরে জাকারিয়া মসজিদও খালি করে সিলগালা করা হয়। রায়বেন্ডপন্থীদের দাবি, এ সময় আদালতের স্থগিতাদেশ দেখানো হলেও পুলিশ তা আমলে নেয়নি।
এদিকে মসজিদ ও মাদরাসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের নিষ্পত্তি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাওয়ালপিন্ডির শুরার সদস্যরা। আগামী সোমবার (৩০ নভেম্বর) আদালতে এ বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনের কথা রয়েছে। সূত্র: পাকিস্তানি বিভিন্ন মিডিয়া
আরএইচ/