শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন

মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক

তাবলিগ জামাতের একাংশের আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভির বিভিন্ন বক্তব্যে আকিদা ও দীনি ব্যাখ্যার ক্ষেত্রে গুরুতর বিচ্যুতির অভিযোগ তুলেছেন ভারতের দারুল উলুম দেওবন্দের উস্তাদুল হাদিস মাওলানা সালমান বিজনুরি নকশবন্দি। তিনি বলেছেন, মাওলানা সাদের বক্তব্য ও চিন্তাধারার সঙ্গে আকাবিরে দেওবন্দের মৌলিক পার্থক্য রয়েছে। এ নিয়ে দেওবন্দের আপত্তির পেছনে কোনো ব্যক্তিগত বিদ্বেষ, পারিবারিক বিরোধ কিংবা আর্থিক স্বার্থ নেই; বরং দীনের সঠিক ব্যাখ্যা ও আকিদা সংরক্ষণই এর মূল কারণ।

সম্প্রতি দেওয়া এক ব্যাখ্যামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বক্তব্যটির বিষয়টি নিশ্চিত করেছেন। এতে মাওলানা সাদের বিভিন্ন বক্তব্য নিয়ে আলেমদের আপত্তি, তাবলিগ জামাতের চলমান সংকট এবং এ বিষয়ে দারুল উলুম দেওবন্দের অবস্থান তুলে ধরা হয়।

মাওলানা সালমান বিজনুরি বলেন, দীনকে সঠিকভাবে সংরক্ষণ করা, দীনের নামে ভুল প্রচারের প্রতিবাদ করা এবং ভুল ব্যাখ্যা সংশোধন করা আলেমদের অন্যতম দায়িত্ব। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর থেকেই কুরআন-সুন্নাহর দলিল ও ইখলাসের ভিত্তিতে এ দায়িত্ব পালন করে আসছে।

মাওলানা সাদের বিষয়ে দেওবন্দের আপত্তির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, এর পেছনে কোনো হিংসা, শত্রুতা কিংবা অর্থনৈতিক স্বার্থ নেই। মাওলানা সাদ এমন একটি সম্মানিত পরিবারের সদস্য, যে পরিবার দেওবন্দের আলেমদের কাছে সব সময় মর্যাদার অধিকারী। তাঁর পরিবারের প্রতি ভালোবাসা ও সম্মান থাকা সত্ত্বেও তাঁর ভুলের বিষয়ে নীরব থাকার সুযোগ নেই।

তাবলিগ জামাতের কর্মপদ্ধতি নিয়ে অতীতের বিতর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহ.-এর সময় থেকেই তাবলিগের বিভিন্ন আমল ও কর্মপদ্ধতি নিয়ে আলেমদের মধ্যে প্রশ্ন ও আপত্তি ছিল। এসব বিষয়ে বিভিন্ন সময়ে আলেমরা বই ও পুস্তিকা লিখেছেন। শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া রহ., মাওলানা মানজুর নোমানি রহ. এর কিছু অংশ সাধারণ ভুলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আকাবিরে দেওবন্দের চিন্তাধারা ও কর্মপদ্ধতি থেকে বিচ্যুতির পাশাপাশি আকিদাসংশ্লিষ্ট প্রশ্নও তৈরি করেছে। এসব বক্তব্যের গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়াও কঠিন।

দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিমের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি মুহতামিমের একটি দরসের বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝির আশঙ্কা তৈরি হলে তিনি চার মিনিটের একটি রেকর্ডিং প্রকাশ করেন। মুহতামিমের বক্তব্যই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক অবস্থান বলে উল্লেখ করেন তিনি।

মাওলানা সাদের সাম্প্রতিক ঐক্যের আহ্বায়নের প্রসঙ্গে সালমান বিজনুরি বলেন, শুধু ভালোবাসা ও ঐক্যের কথা বললে মূল সমস্যার সমাধান হবে না। বরং নিজের বক্তব্য ও চিন্তাধারা নিয়ে মাওলানা সাদের গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা উচিত। তাঁর কারণে দেওবন্দি আলেমদের মধ্যে বিভক্তি ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যার সুযোগ অন্যরা নিচ্ছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আবেগ কিংবা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নয়, বরং ইলমি দলিলের আলোকে বিষয়গুলো পর্যালোচনা করতে হবে। কোরআন-সুন্নাহ এবং আকাবিরে দেওবন্দের ব্যাখ্যা ও কর্মপদ্ধতি গভীরভাবে অধ্যয়ন করতে হবে।

বক্তব্যের শেষাংশে তিনি স্পষ্ট করেন, তাঁদের বিরোধ কোনো ব্যক্তির সঙ্গে নয়; বরং ভুল চিন্তাধারা ও মতাদর্শের সঙ্গে। ব্যক্তিগত আক্রমণ বা শত্রুতা নয়, দ্বীনি চিন্তাধারা ও আকাবিরদের কর্মপদ্ধতি সংরক্ষণই দারুল উলুম দেওবন্দের অবস্থানের মূল লক্ষ্য।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ