হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলা অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
মন্ত্রী জানান, উল্লেখিত যানবাহনগুলোকে মহাসড়কের পরিবর্তে স্থানীয় সড়কে চলাচলে বাধ্য করতে এ ধরনের মোটরযানের নিবন্ধন বাধ্যতামূলক করা, মোটরযান চালকের ড্রাইভিং লাইসেন্স থাকা, কঠোর রুট নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন—এসব সমন্বিত থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযান চলাচল নীতিমালা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে।
টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, বিআরটিএ ইনফরমেশন সিস্টেম অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। বিআরটিএ থেকে নিবন্ধন গ্রহণ করেনি—এমন কোনো মোটরসাইকেল মালিক প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন দাখিল করলে বিআরটিএ কর্তৃক সেগুলোকে বৈধতা প্রদান তথা রেজিস্ট্রেশন নম্বর প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী জানান, এমআরটি লাইন-২ এর রুট অ্যালাইনমেন্টে নারায়ণগঞ্জ শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবিত রুট অ্যালাইনমেন্ট হলো—গাবতলী-ঢাকা উদ্যান-বসিলা মোড়, মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড-ঝিগাতলা-সায়েন্স ল্যাব-নিউমার্কেট-আজিমপুর-লালবাগ-চকবাজার-মিটফোর্ড-নয়াবাজার-ধোলাইখাল-দয়াগঞ্জ-কাজলা-ডেমরা-সাইনবোর্ড-ভূইঘর-জালকুড়ি-শিবু মার্কেট-নারায়ণগঞ্জ। প্রস্তাবিত রুটের দৈর্ঘ্য ৩০ দশমিক ৪০ কিলোমিটার। এই রুট অ্যালাইনমেন্ট বিবেচনায় নিয়ে উন্নয়ন সহযোগী সংস্থা অনুসন্ধানের জন্য পিডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরিকল্পনা কমিশন থেকে নীতিগত অনুমোদন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত পাওয়ার পর সম্ভাব্যতা যাচাই করা হবে।
এছাড়া কমলাপুর থেকে নারায়ণগঞ্জ জেলার মদনপুর পর্যন্ত উড়াল ও পাতাল সমন্বয়ে প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৪ নির্মাণের জন্য দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক সম্ভাব্যতা যাচাই করেছে। তাদের প্রতিবেদন যাচাইপূর্বক ডিএসটিসিএল বরাবর প্রেরণের পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।
মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উন্নয়ন শীর্ষক প্রকল্প প্রণয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বৈদেশিক অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি’র প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সারাদেশে বর্তমানে টোল আদায়ের আওতাভুক্ত ৬৭টি সেতু রয়েছে। টোল আদায় রাজস্ব আয়ের উৎস। সরকার চাইলে যেকোনো সেতুর টোল আদায় বন্ধ বা চালু করতে পারে। ২০২৪ সালের ৫ আগস্টের পর ৯টি সেতুর টোল আদায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে ২টি সেতুতে টোল আদায় চালু করা হয়েছে। আরও ৭টি সেতুর টোল আদায় এখনো বন্ধ রয়েছে।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী জানান, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি উল্লেখযোগ্য প্রকল্প। সেতু কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানে ২০৩৩ সালের মধ্যে এটি বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের সঙ্গে দরকষাকষি ইতোমধ্যে শেষ হয়েছে এবং শিগগিরই চুক্তি স্বাক্ষরিত হবে। বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা থেকে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা পর্যন্ত যমুনা নদীর ওপর সেতু নির্মাণ অথবা গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট পর্যন্ত যমুনা নদীর ওপর সেতু নির্মাণের বিষয়ে সমীক্ষার ভিত্তিতে উপযুক্ত স্থানে সেতু নির্মাণ করা হবে।
আইও