নিজস্ব প্রতিবেদক
দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে ফ্যাসিবাদবিরোধী চার দফা কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলটি অভিযোগ করেছে, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে আবারও অশান্ত করার ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারতের মাটিতে বসে শান্তিপ্রিয় মানুষকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করেছে দলটি।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১টায় রাজধানীর পুরানা পল্টনে মজলিস মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলা হয়। এতে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ। লিখিত বক্তব্য পাঠ করেন দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
লিখিত বক্তব্যে বলা হয়, আওয়ামী লীগের ছদ্মবেশে ভারতীয় এজেন্টরা বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে। আগুন জ্বালিয়ে, ভাঙচুর করে জনগণের সম্পদ বিনষ্ট করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পাশাপাশি সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। পতিত ফ্যাসিস্টদের এসব অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানায় খেলাফত মজলিস।
বক্তব্যে আরও বলা হয়, এসব নাশকতা ও হত্যাকাণ্ড বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার দায় এড়াতে পারেন না। সরকারকে অবিলম্বে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গোপালগঞ্জে নাশকতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তবে ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের কর্মকাণ্ডের কারণে সেখানকার সাধারণ মানুষ যেন সরকারি সেবা থেকে বঞ্চিত না হয় কিংবা ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানিয়ে দলটি বলেছে, গত আট মাসে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারপ্রধান আন্তরিক হলে আজকের পরিস্থিতির সৃষ্টি হতো না। তারপরও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট থাকবে। ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা মাঠে ছিলেন, তারা এখনো মাঠে আছেন এবং থাকবেন।
প্রেস ব্রিফিংয়ে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া, ফ্যাসিস্ট অপশক্তির বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং রায় কার্যকরের দাবি জানানো হয়। একই সঙ্গে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় দলটি।
প্রেস ব্রিফিংয়ে পতিত ফ্যাসিবাদী অপশক্তির নাশকতা প্রতিরোধে চার দফা কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিগুলো হলো—
১. ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দেশের সব জেলা, মহানগর, থানা, উপজেলা ও ইউনিয়নে ফ্যাসিবাদবিরোধী মিছিল ও গণসংযোগ।
২. ৮ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগরে সমাবেশ এবং ফ্যাসিবাদবিরোধী মিছিল।
৩. ১২ ডিসেম্বর রাজধানীতে জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা।
৪. ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশে সমাবেশ ও ফ্যাসিবাদবিরোধী গণমিছিল।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন ও মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন ও ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাইখুল ইসলাম, যুববিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মাওলানা আজিজুল হক, হাফেজ মাওলানা নুরুল হক, মাওলানা নজরুল ইসলাম মাজহারী, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া ও অ্যাডভোকেট মাওলানা রফিকুল ইসলাম।
এসএইচ/