খুলনা মহানগরীর দৌলতপুরে একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে মসজিদ কমিটির এক নেতাসহ দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) ও স্থানীয় মুসল্লি আলম মণ্ডল (৫৫)। তাদের মধ্যে লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অপরদিকে আলম মণ্ডলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন দুর্বৃত্ত মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তার পাশে থাকা আলম মণ্ডলও গুলিবিদ্ধ হন। গুলিতে লোকমানের মাথায় গুরুতর আঘাত লাগে। এছাড়া আলম মণ্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লাগে।
লোকমান হাকিম উত্তর কাশিপুর এলাকার মৃত জব্বার শেখের ছেলে এবং আলম মণ্ডল একই এলাকার মৃত আব্দুল খালেক মণ্ডলের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি জানান।
জেডএম/
