ওমরাহযাত্রীদের সেবার মান নিশ্চিত করতে ২১টি ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গত মৌসুমে নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়া এবং বিভিন্ন বিধি লঙ্ঘনের অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
মন্ত্রণালয়ের মূল্যায়নে দেখা গেছে, কিছু কোম্পানির সেবার মান উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং তারা প্রচলিত নিয়ম-কানুন লঙ্ঘন করেছে। এর মধ্যে ১৫টি প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যায়ন সূচকে প্রয়োজনীয় মান অর্জন করতে পারেনি এবং বাকি ছয়টি প্রতিষ্ঠান এমন ধরনের নিয়ম লঙ্ঘন করেছে, যার জন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়ে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, তাদের মূল্যায়ন ব্যবস্থা পরিচালনাগত ও তদারকি সূচকের ভিত্তিতে পরিচালিত হয়, যার মাধ্যমে সেবার গুণগত মান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিধিবিধান মেনে চলার বিষয়টি পর্যবেক্ষণ করা হয়।
মন্ত্রণালয়ের মতে, এই মূল্যায়ন পদ্ধতির লক্ষ্য হলো ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি, সেবার মান উন্নয়ন এবং সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করা। একই সঙ্গে ওমরাহযাত্রী ও মসজিদে নববীর দর্শনার্থীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করাও এর উদ্দেশ্য।
মন্ত্রণালয় আরও জানায়, ওমরাহযাত্রীদের অধিকার ক্ষুণ্ন হয় বা সেবার মান ব্যাহত হয়—এমন কোনো অবহেলা ভবিষ্যতেও বরদাশত করা হবে না। ওমরাহ সেবা খাতের উন্নয়ন এবং সেবার মান ধারাবাহিকভাবে বৃদ্ধি করতে নিয়মিত মূল্যায়ন কার্যক্রম অব্যাহত থাকবে। সূত্র: আরব নিউজ
জেডএম/
